ওয়েস্টহামকে উড়িয়ে দিল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছি চেলসি। বাকি দলগুলো এখন কেবল নিয়মরক্ষার জন্য খেলছে। তবে লিভারপুলের লড়াইটা ভিন্ন। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে লড়ছে এনফিল্ডের দলটি। সেই পথে আজ আরো একটু এগিয়ে গেল দলটি। ওয়েস্টহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। দলটির জয়ের দিন ফিলিপে কৌতিনহো। এ ছাড়া ড্যানিয়েল স্টুরিজ ও ডিভক ওরিগি একটি করে গোল করেন।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকে ওয়েস্টহামকে চেপে ধরে লিভারপুল। শুরুর ২০ মিনিটে কমপক্ষে তিনটি সহজ গোলের সুযোগ মিস করে। ম্যাচে প্রথম গোলের সুযোগটা পায় ওয়েস্টহামই। স্যাম বায়রাম গোলের দারুণ একটি সুযোগ মিস করেন। ডি বক্সের ভেতরে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ১১তম মিনিটে ভাগ্য বিড়ম্বনায় নিশ্চিত গোল বঞ্চিত হয় লিভারপুল। কর্নার থেকে ভেসে আসা বলে দারুণভাবে হেড করেন জন মাতিপ। তবে বারে লেগে বল ফিরে আসে।
গোলের জন্য ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিভারপুলকে। মাঝমাঠ থেকে কৌতিনহোর বাড়িয়ে দেওয়া বলে গোলরক্ষককে প্রায় একাই পেয়ে যান ড্যানিয়েল স্টুরিজ। গোল করতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড। বিরতির আগে আর কোনো গোল হয়নি।
বিরতি থেকে ফিরে ওয়েস্ট হামের জালের আরো তিনটি গোল করে লিভারপুল। ৫৭ ও ৬১ মিনিটে দুটি গোল করেন কৌতিনহো। ৫৭তম মিনিটে ডি বক্সের ভেতর বেশ কয়েকজনকে কাটিয়ে গোল করেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। চার মিনিট পর প্রায় একই ভাবে দ্বিতীয় গোলটিও করেন তিনি। ৭৬তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন ডিভক ওরিগি।

স্পোর্টস ডেস্ক