বাংলাদেশের ম্যাচে আবার আম্পায়ার ইয়ান গোল্ড!
দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে খেলার প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মাশরাফির দল। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের একটি ম্যাচে আম্পারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ‘বিতর্কিত’ আম্পায়ার ইয়ান গোল্ডকে। ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে আরেক আম্পায়ার আলিম দারও থাকছেন বাংলাদেশের ম্যাচের দায়িত্বে। ৩০ মে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আলিম দার। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের দায়িত্ব অবশ্য আলিম দারকে দেওয়া হয়নি।
১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। সেদিন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এস রাভি ও রড টাকার। দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নাইজেল লং আর ক্রিস গ্যাফানে থাকবেন সেই ম্যাচের দায়িত্বে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে আম্পারিং করবেন নাইজেল লং ও ইয়ান গোল্ড।
বাংলাদেশের ম্যাচে ইয়ান গোল্ডের থাকাটাকে মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। কারণও খুব যৌক্তিক। ২০১৫ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হারের জন্য অনেকেই এই ইয়ান গোল্ডকেই কাঠগড়ায় দাঁড় করান। গোল্ডের তিনটি ভুল সিদ্ধান্তের কারণে সেই ম্যাচে হেরেছিল বাংলাদেশ।
ম্যাচে সুরেশ রায়নার একটি নিশ্চিত এলবিডব্লিউর আবেদন সরাসরি খারিজ করে দেন গোল্ড। পরবর্তী সময়ে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রায়না। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মাহমুদউল্লাহ রিয়াদের বিতর্কিত আউটের ক্ষেত্রেও আম্পায়ার ছিলেন এই ইয়ান গোল্ড। তবে সবচেয়ে বাজে সিদ্ধান্তটি দিয়েছিলেন রোহিত শর্মার ক্ষেত্রে। রোহিত যখন ৯০ রানে অপরাজিত, সেই সময় রুবেল হোসেনের বলে নো বল ডাকেন গোল্ড। অথচ রিপ্লেতে দেখা যায়, রুবেলের বলটা ঠিকই ছিল। জীবন পেয়ে সেই ম্যাচে ১৩৭ রান করেন রোহিত শর্মা। আর ম্যাচটাও হেরে যায় বাংলাদেশ। আবার না গোল্ডের আগুনে পুড়তে হয় বাংলাদেশকে!

স্পোর্টস ডেস্ক