বান্ধবীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন সোহান
দীর্ঘদিনের বান্ধবী তাসনিম ইসলাম লিসার সঙ্গে তাঁর বাগদান হয়েছিল গত মে মাসে, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে। বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবার বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে নিয়েছেন। গতকাল শুক্রবার রাতে খুলনার এক অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন দুজনে।
সোহান-লিসার বন্ধুত্ব দীর্ঘদিনের হলেও দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে তাঁদের। কলেজ এবং বিশ্ববিদ্যালয় একই সঙ্গে পার করেছেন তারা। এবার সেই বন্ধন আরো শক্ত করেছেন তাঁরা বিয়ের পিঁড়িতে বসে।
সোহান জাতীয় দলে এখনো খুব একটা নিয়মিত হয়ে ওঠেননি। আসা-যাওয়ার মধ্যেই আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন, কিন্তু খেলার সুযোগ পাননি একটি ম্যাচও।
খুলনায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারও খুব একটা সমৃদ্ধ হয়ে ওঠেনি। একটি টেস্ট, দুটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। অবশ্য তেমন উজ্জ্বলতা ছড়াতে পারেননি।
মুশফিকের চোটের কারণে এ বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। সে ম্যাচে ৪৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। এরপর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। এর আগে সেই সিরিজে তাঁর ওয়ানডে অভিষেকও হয়েছিল।
অবশ্য টি-টোয়েন্টি খেলছেন গত বছর জানুয়ারি থেকে। এখন পর্যন্ত নয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ব্যক্তিগত ঝুলি খুব একটা সমৃদ্ধ করতে পারেননি।

ক্রীড়া প্রতিবেদক