‘দুরন্ত বাইকে’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর তাসকিন
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপের বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত বাইক’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। আজ সোমবার রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন এই তরুণ পেসার। চুক্তি অনুযায়ী আগামী এক বছর এই পণ্যের বিভিন্ন প্রচারণায় অংশ নিতে হবে তাঁকে।
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (বিপণন) চৌধুরী ফজলে আকবর। এ ব্যাপারে তিনি বলেন, “তাসকিন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার। তাঁকে ‘দুরন্ত বাইক’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পাওয়ায় আমরা খুবই আনন্দিত। তরুণ এ পেসার তাঁর কার্যক্রমের মাধ্যমে দুরন্ত বাইসাইকেলের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেবেন বলে আশা করছি আমরা।”
আর তাসকিন বলেন, ‘দুরন্ত বাইক দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।’
চুক্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুরন্ত বাইকের ব্র্যান্ড ম্যানেজার রকিবুল আহসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিবেদক