এবার সাকিবের নামে কনভেনশন হল
বেশ কিছুদিন আগেই রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এবার খুললেন নতুন একটি কনভেনশন হল। আজ বৃহস্পতিবার মিরপুর ১ নম্বরে রবিউল প্লাজায় ‘সাকিব’স কনভেনশন হলের উদ্বোধন করা হয়েছে। বিশাল কেক কেটে এই হলের উদ্বোধন করেন সাকিব নিজেই। সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সতীর্থ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও।
অনুষ্ঠানে সাকিব ছাড়া আরো উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, মুমিনুল হক ও শুভাশীষ রায়।
নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করে নিজের স্বপ্নের কথাও শুনিয়েছেন সাকিব, ‘ভবিষ্যতে আরো বড় ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাই আমি।’
এই কনভেনশন হল ৫০০০ বর্গফুটের। প্রায় ৭০০ অতিথি একসঙ্গে এই হলে যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে। হলে যে কোনো সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন করা যাবে বলে জানিয়েছেন সাকিব নিজেই।
এর আগে ২০১৫ সালের আগস্টে সাকিব’স নামে একটি রেস্তোরাঁ খুলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বনানীর ১১ নম্বর রোডে তাঁর সেই রেস্তোরাঁ। এবার কনভেনশন হল খুললেন তিনি।


ক্রীড়া প্রতিবেদক