বার্সেলোনার বিরুদ্ধে নেইমারের পাল্টা মামলা
কাগজে-কলমে বার্সা-নেইমার অধ্যায়টা শেষ হলেও বাস্তবে সেখানে যোগ হচ্ছে একের পর এক অধ্যায়। কখনো বার্সেলোনা অভিযোগ করছে নেইমারের বিরুদ্ধে, পরক্ষণই ব্রাজিল তারকা সেটার দাঁতভাঙা জবাব দিচ্ছেন। বার্সা মামলা করলে পিছপা হচ্ছেন না নেইমারও। তিনিও পাল্টা মামলা করে বসছেন সাবেক ক্লাবটির বিরুদ্ধে। শেষ পর্যন্ত এ লড়াইয়ে কে জেতে, সেটাই দেখার বিষয়। তবে আপাতত খবর হচ্ছে, বার্সার মামলার জবাবে নেইমারও মামলা করেছেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
ফিফা জানিয়েছে, ‘আমরা বার্সেলোনার বিরুদ্ধে করা নেইমারের অভিযোগটা পেয়েছি। এখন সেটার তদন্ত চলবে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’ নেইমারের অভিযোগ, তিনি ও তাঁর বাবা বার্সেলোনার কাছ থেকে রয়্যালিটি বোনাসের অর্থ পাননি। অর্থের পরিমাণটা ২৬ মিলিয়ন ইউরো। গত বছরের অক্টোবরে নেইমারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করে বার্সেলোনা। সেই চুক্তির শর্তমতে, রয়্যালিটি বোনাস হিসেবে নেইমারের ২৬ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল। তবে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোয় এই ফরোয়ার্ডের সেই রয়্যালিটি বোনাস আটকে দেয় স্পেনের ক্লাবটি।
নেইমারের বোনাস আটকে দেওয়া প্রসঙ্গে বার্সেলোনা জানিয়েছে, চুক্তির সব শর্তই ভঙ্গ করেছেন নেইমার। প্রথমত, ৩১ জুলাইয়ের আগে অন্য কোনো দলের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে পারবেন না নেইমার। দ্বিতীয়ত, দল ত্যাগ করতে পারবেন না তিনি। সে কারণে তাঁর বোনাস না দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। তবে বার্সেলোনার এ বক্তব্য ধোপে টিকবে না, কারণ ৩ আগস্টের আগে বার্সা ছেড়ে যাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি নেইমার।
এর আগে নেইমারের বিরুদ্ধে মামলা করে বার্সেলোনা। ক্লাবটি দাবি করছে, চুক্তি নবায়নের অংশ হিসেবে বার্সেলোনার কাছে ৮ দশমিক ৫ মিলিয়ন ইউরো নিয়েছেন নেইমার। দল বদলে পিএসজিতে চলে যাওয়ায় এখন সেই অর্থটা ফেরত চায় বার্সা। কেবল সেটিই নয়, এর সঙ্গে ১০ শতাংশ জরিমানাও দিতে হবে নেইমারকে। নেইমার অপারগ হলে পিএসজিকে সেই অর্থ ফেরত দিতে বলেছে কাতালান ক্লাবটি। ১১ আগস্ট দেশটির শ্রম আদালতে মামলাও করেছে স্পেনের দলটি।
এখন দেখার বিষয়, মামলায় রায়টা কার পক্ষে যায়। শেষ পর্যন্ত কে কার থেকে অর্থ আদায় করতে পারেন, সেটা দেখতে উন্মুখ ফুটবলপ্রেমীরা।

স্পোর্টস ডেস্ক