আইপিএলের ময়দানে ‘লেগস্পিনার’ অশ্বিন
অফস্পিনারদের জন্য ইদানীংকার ক্রিকেটটা একটু অপরিচিতই হয়ে উঠেছে। চারদিকে লেগস্পিনারদের জয়জয়কারের দিনে ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও যোগ দিচ্ছেন লেগিদের দলে। আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লেগস্পিনারের ভূমিকায় অবতীর্ণ হবেন বলে জানিয়েছেন ডানহাতি এই স্পিনার নিজেই।
কব্জির জোরে বল ঘোরানোর চেষ্টাটা বেশ কয়েক বছর ধরেই করে যাচ্ছেন অশ্বিন। গতকাল সোমবার গুজরাটের বিপক্ষে ঘরোয়া এক ওয়ানডে ম্যাচে করেছেনও লেগস্পিন। ৯.১ ওভারে লেগস্পিনার অশ্বিন ৩৮ রান খরচায় তামিলনাড়ুর ৭৬ রানের জয়ে অবদান রেখেছেন দুই উইকেট নিয়ে।
টেস্ট র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা অশ্বিন ওয়ানডের দলে হয়ে পড়েছেন একটু ‘ব্রাত্যই’। ডানহাতি লেগস্পিনার যুবেন্দ্র চাহাল আর চায়নাম্যান কুলদিপ যাদব ঘূর্ণি বলে দলের জয়ে নিয়মিতই রাখছেন অবদান। ওয়ানডেতে অপরাজেয় হয়ে ওঠা ভারতীয় দলে নিজেদের জায়গাটাও করেছেন পোক্ত।
এমন প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলতেই লেগস্পিনার অশ্বিনের দেখা মিলবে আইপিএলের এবারের আসরে। এ প্রসঙ্গে গণমাধ্যমকে অশ্বিন জানিয়েছেন, ‘আইপিএল পরিকল্পনার অংশ হিসেবে লেগস্পিনকেও রেখেছি আমি। নিজের শক্তির জায়গাটা বাড়াতে চাচ্ছি। চেন্নাইয়ে যখন প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলতাম তখন এই অফস্পিনের ঢঙেই লেগস্পিনও করতাম। নতুন অস্ত্র খুঁজতে গিয়েই আমাকে এমনটা করতে হচ্ছে।’
ওয়ানডে দল থেকে বাদ পড়া অশ্বিন নিজের বোলিং নিয়ে কাজ করেছেন একাই। এই অলরাউন্ডার অবশ্য সাবেক ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁকে সাহায্য করার জন্য।
ভারতীয় দলে রঙিন পোশাকে নিজের হারানো জায়গাটা ফিরে পেতেই অশ্বিন মাঠে নামবেন এবারের আইপিএলে। চেন্নাইয়ের ঘরের ছেলেকে অবশ্য এবারের আসরে দেখা যাচ্ছে না চেন্নাইয়ের ড্রেসিংরুমে। সাত কোটি ৬০ লাখ রুপিতে কিংস ইলাভেন পাঞ্জাবের হয়ে আইপিএল মিশনে নামছেন এই স্পিন অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক