রিয়াল নয়, পিএসজিকে এগিয়ে রাখছেন জাভি
সাবেক বার্সেলোনা অধিনায়ক জাভি হার্নান্দেজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে রাখছেন প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। আগামী বুধবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দুদল মুখোমুখি হবে স্যান্টিয়াগো বানার্ব্যুতে।
স্প্যানিশ এই মিডফিল্ডার মনে করছেন, দুর্দান্ত ফর্মটাই পিএসজিকে এগিয়ে রাখছে মাদ্রিদের বিপক্ষে, ‘পিএসজি দারুণ একটা দল। চ্যাম্পিয়নস লিগ জিতে নেওয়ার জন্যই ওদের দলটা তৈরি করা হয়েছে। কঠিন একটা লড়াই হবে। তবে আমি মনে করি, ফর্মের কারণেই পিএসজি ফেভারিট।’
এবারের মৌসুমটা রিয়ালের ভালো যাচ্ছে না। বার্সেলোনা থেকে লা লিগায় ১৯ পয়েন্ট পিছিয়ে চতুর্থ অবস্থানে আছে জিনেদিন জিদানের দল। যদিও বার্সা থেকে এক ম্যাচ কম খেলেছে রিয়াল। এ ছাড়া লেনেগাসের বিপক্ষে হেরে বাদ পড়তে হয়েছে কোপা দেল রের লড়াই থেকে।
লা লিগা কিংবা কোপা দেল রের লড়াই থেকে ছিটকে গেলেও চ্যাম্পিয়নস লিগ জয়ের আশাটা এখনো জীবিত আছে ক্রিস্টিয়ানো রোনালদোদের জন্য। তবে জাভির কথা মেনে নিলে বলতে হয় যে, সেই আশাও দ্রুত ফুরিয়ে আসছে রিয়ালের।
বার্সেলোনা ছেড়ে কাতারের ফুটবল ক্লাব আল সাদে যোগ দেওয়া জাভি বলেছেন, ‘রিয়ালের ভেতর জয়ের ডিএনএ আছে। ব্যাপারটা সবারই জানা। এই প্রতিযোগিতায় তো তাদের সেটা আরো বেশি আছে। কিন্তু আগে হোক কিংবা পরে, পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিতেই ছাড়বে।’

স্পোর্টস ডেস্ক