পা মাটিতেই রাখছেন রাশিয়ার কোচ
বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়াকে শিরোপার দাবিদার হিসেবে দেখছেন না কেউই। গ্রুপ পর্ব পেরোতে পারলেও হয়তো সেটাকে বিবেচনা করা হবে বড় অর্জন হিসেবে। তবে সেই রাশিয়া কিন্তু বিশ্বকাপের সূচনাটা করেছে দাপুটে ভঙ্গিতে। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সৌদি আরবকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে রাশিয়া।
তবে দুর্দান্ত এই জয়ের পরও কিন্তু খুব বেশি আত্মতুষ্টিতে ভুগতে চাচ্ছেন না রাশিয়ার কোচ স্তানিসলাভ চেরচেসভ। বরং পা-টা তিনি রাখতে চাচ্ছেন মাটিতেই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ জয়ের পর রাশিয়ান এই কোচ বলেছেন, ‘আজ আমরা দেখিয়েছি যে, আমরা সঠিক পথেই আছি। কিন্তু আমাদের এই ম্যাচের কথা ভুলে যেতে হবে আর পরবর্তী ধাপটার দিকে মনোযোগ দিতে হবে।’
‘এ’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য রাশিয়াকে লড়তে হচ্ছে সৌদি আরব, উরুগুয়ে ও মিসরের বিপক্ষে। উরুগুয়েকেই এই গ্রুপ থেকে বিবেচনা করা হচ্ছে প্রধান ফেভারিট হিসেবে। নকআউট পর্বে যাওয়ার জন্য রাশিয়াকে ভালোই লড়াই চালাতে হবে উরুগুয়ে ও মোহাম্মদ সালাহর মিসরের বিপক্ষে।
আগামী ১৯ জুন রাশিয়া নিজেদের পরবর্তী ম্যাচটি খেলবে মিসরের বিপক্ষে। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা উরুগুয়ের বিপক্ষে খেলবে ২৫ জুন।

স্পোর্টস ডেস্ক