টোটাল ফুটবলের জনক ক্রুইফ না ফেরার দেশে
ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন গত কিছুদিন ধরেই। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হেরেই গেছেন ডাচ কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
ক্রুইফের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়, ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে বার্সেলোনায় আত্মীয়স্বজন পরিবেষ্টিত অবস্থায় মারা যান তিনি।
তাঁকে বলা হয় টোটাল ফুটবলের জনক। শুধু তাই নয়, সর্বকালের অন্যতম সেরা ফুটবলাদের ছোট্ট তালিকাতেও তাঁকে রাখতে হবে।
ক্রুইফের ক্যারিয়ার শুরু ডাচ ক্লাব আয়াক্সের হয়ে। ১৯৬৪ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত এই ক্লাবের হয়েই খেলেছেন তিনি। এর পরই বার্সেলোনায় খেলেন ১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত। মূলত এই ক্লাবে এসেই তাঁর খেলোয়াড়ি জীবনের পূর্ণতা পেয়েছে।

পরে এই দুই ক্লাবকেই কোচ হিসেবে এনে দিয়েছেন অনেক সাফল্য। আয়াক্সের হয়ে টানা তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছেন, বার্সেলোনার কোচ হিসেবে জিতেছেন এই শিরোপা।
তবে জাতীয় দলের হয়ে ১৯৭৪ সালে বিশ্বকাপে অসাধারণ খেললেও শিরোপা এনে দিতে পারেননি নেদারল্যান্ডসকে। সেবার ফাইনালে উঠলেও পশ্চিম জার্মানির কাছে হেরে যায় তাঁর দল। সেই আক্ষেপ থেকে এবার চিরদিনের জন্য মুক্তি পেলেন ক্রুইফ!

ক্রীড়া প্রতিবেদক