অধিনায়ক ধোনিকে নিয়ে সৌরভের প্রশ্ন
ইদানীং একটা প্রশ্ন প্রায়ই শুনতে হয় মহেন্দ্র সিং ধোনিকে। প্রশ্নটা হলো ‘আপনি কবে অবসর নিচ্ছেন?’ এই প্রশ্নে কখনো ক্ষোভ প্রকাশ করেছেন, কখনো প্রশ্নকর্তার সঙ্গে রসিকতায়ও মেতে উঠেছেন ভারতের সফলতম অধিনায়ক। এবার অবশ্য কোনো মামুলি লোক নয়, স্বয়ং সৌরভ গাঙ্গুলী প্রশ্ন তুলেছেন ধোনির অধিনায়কত্ব নিয়ে।
আগামী ৭ জুলাই ৩৫ বছর পূর্ণ করবেন ধোনি। ২০১৯ বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৮ বছর। তখনো কি তিনি খেলবেন? নাকি বিশ্বকাপের কথা ভেবে আগেই সরে দাঁড়িয়ে পরবর্তী অধিনায়ককে সুযোগ করে দেবেন দলকে গড়ে নেওয়ার? এসব প্রশ্নে এখনো নিশ্চুপ ‘ক্যাপ্টেন কুল’। তবে সৌরভ চুপ করে বসে থাকতে পারছেন না। আগামী বিশ্বকাপে ভারতের নেতৃত্ব নিয়ে এখনই দুশ্চিন্তায় তিনি। ইন্ডিয়া টুডে টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় সেই দুশ্চিন্তা লুকিয়ে রাখতে পারেননি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, “২০১৯ সালে ধোনি ভারতের নেতৃত্বে থাকবে কি না সেই প্রশ্নের উত্তর নির্বাচকদেরই খুঁজে বের করতে হবে। যদি উত্তর হয় ‘না’, তাহলে নতুন অধিনায়ক খুঁজতে হবে। আর যদি উত্তর হয় ‘হ্যাঁ,’ মানে ধোনি অধিনায়কত্ব চালিয়ে গেলে আমি ভীষণ অবাক হব।”
তাই বলে ধোনি সম্পর্কে কোনোরকম নেতিবাচক মনোভাব নেই সৌরভের। উত্তরসূরির প্রতি বরং যথেষ্ট সম্মান ‘প্রিন্স অব কলকাতা’র মনে, ‘তার প্রতি আমার কোনো অবজ্ঞা নেই। সে আমাদের দেশের অন্যতম সেরা অধিনায়ক।’
অন্যতম নয়, সাফল্যের হারে ধোনি ভারতের বাকি সব অধিনায়কের চেয়ে অনেক এগিয়ে। ২৭টি জয় নিয়ে তিনিই ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। টি-টোয়েন্টি আর ওয়ানডে বিশ্বকাপও ধোনির নেতৃত্বে জিতেছে ‘টিম ইন্ডিয়া’। এত সব সাফল্যের পরও ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার এখনো ধোনির কাঁধেই।

স্পোর্টস ডেস্ক