মায়ামি ছাড়লেন মেসির সাবেক সতীর্থ
এক সময় আর্জেন্টিনা জাতীয় দল এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনা– দুই দলেই লিওনেল মেসির সতীর্থ ছিলেন হাভিয়ের মাসচেরানো। কোচিং ক্যারিয়ারে সেই তিনিই আবার দায়িত্ব নিয়েছিলেন মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির। এবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাসচেরানো।
মায়ামি এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, ব্যক্তিগত কিছু কারণে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাসচেরানো। এদিকে ইএসপিএনকে একটি সূত্র নিশ্চিত করেছে, গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ঘরের মাঠে ড্র করার পর মাসচেরানো আনুষ্ঠানিকভাবে ক্লাবকে তার সিদ্ধান্তের কথা জানান।
মায়ামির কোচিং পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে মাসচেরানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সবাইকে জানিয়ে দিতে চাই, ব্যক্তিগত কিছু কারণে আমি ইন্টার মায়ামি সিএফ-এর প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তী সময়ের জন্য মায়ামির কোচিংয়ের দায়িত্ব পালন করবেন গুইলেরমো হোয়োস। বর্তমানে তিনি মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে যোগ দেন মাসচেরানো। জেরার্ড টাটা মার্টিনোর উত্তসূরী হিসেবে এসেছিলেন তিনি। মাসচেরানোর নিজের প্রথম বছরেই মায়ামিকে এমএলএস কাপ জেতান।
চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচ শেষে তিনে মায়ামি। কিন্তু নাশভিলে এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক