ইউটিউবে দেখা যাবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
ক্রীড়াবিশ্বের অন্যতম আকর্ষণ ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাবগুলোর লড়াই চ্যাম্পিয়নস লিগ। শিরোপা জয়ের অন্তিম লড়াই দেখার জন্য পুরো বিশ্বের অগণিত মানুষ বসে যান টেলিভিশনের সামনে। তবে এবার অনেকেই হয়তো চোখ রাখবেন ইউটিউবে। প্রথমবারের মতো ইউটিউবে বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হবে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ফাইনাল।
২০১৫ সাল থেকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের তিনটি মৌসুমের সব খেলা সরাসরি দেখানোর সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছিল বিটি স্পোর্টস। এর আগে অনলাইনে খেলা দেখার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হতো চ্যানেলের গ্রাহকদের। তবে এবারই প্রথমবারের মতো ফুটবলপ্রেমীদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে বিটি স্পোর্টস। মূলত নিজেদের ইউটিউব চ্যানেলটি আরো বেশি জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যেই এ উদ্যোগ নিয়েছে তারা।
১৮ মে অনুষ্ঠিত হবে ইউরোপা লিগ ফাইনাল। এবারের আসরে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের লিভারপুল ও স্পেনের সেভিয়া। আর ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লড়বে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও আতলেতিকো। ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও মুখোমুখি হয়েছিল স্পেনের এ দুই নগর প্রতিদ্বন্দ্বী। সেবার ৪-১ গোলের জয় দিয়ে দশমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক