চতুর্থ ওয়ানডেতেও হারল পাকিস্তান
টেস্ট সিরিজে দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছে পাকিস্তান। দখল করেছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও। কিন্তু ওয়ানডেতে তারা যেন হাঁটছে ঠিক উল্টো পথে। হেরে চলেছে একের পর এক ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি ম্যাচের পর চতুর্থ ওয়ানডেতেও পাকিস্তান হেরে গেছে চার উইকেটে। সিরিজের শেষ ম্যাচেও হারের স্বাদ পেলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে সফরকারী পাকিস্তানকে।
টস জিতে ব্যাট করতে নেমে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। ৬১ রানে দুই উইকেট হারানোর পর উইকেটে এসে খেলেছেন ৮০ রানের অধিনায়কোচিত ইনিংস। তবে পাকিস্তানের অন্য কোনো ব্যাটসম্যানই যোগ্য সঙ্গ দিতে পারেননি আজহারকে। শেষপর্যায়ে ইমাদ ওয়াসিমের ৪১ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ২৪৭ রান জমা করতে পারে পাকিস্তান।
ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও বল হাতে শুরুটা দারুণভাবেই করেছিল সফরকারীরা। প্রথম ১৫ ওভারের মধ্যে ৭২ রান জমা করতেই ইংল্যান্ড হারিয়েছিল প্রথম সারির চার ব্যাটসম্যান জ্যাসন রয় (১৪), অ্যালেক্স হেলস (৮), জো রুট (৩০) ও ওয়েন মরগানের (১১) উইকেট। এ সময় হয়তো জয়ের স্বপ্নই দেখছিলেন পাকিস্তানের সমর্থকরা। কিন্তু পঞ্চম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেন স্টোকস (৬৯) ও জনি বেয়ারস্টো (৬১)। শেষ পর্যায়ে ৪৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান মইন আলী।
আগামী রোববার সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক