আজই চূড়ান্ত হবে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য?
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টিকে আইসিসির ‘দ্বিমুখী’ আচরণ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসির এই দ্বিচারিতার প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরে।
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে- এমন একটি আভাস দিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি নিজেও। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেন নাকভি।
সেই বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান। তখন নাকভি বলেছিলেন, শুক্রবার (৩০ জানুয়ারি) বা সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
সেই বক্তব্য অনুযায়ী, আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজই চূড়ান্ত হয়ে যাবে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) পিসিবি সুত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ আবারও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এই বৈঠকেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সড়িয়ে নেওয়ার আবেদন করে বাংলাদেশ। তবে বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। টাইগারদের পরিবর্তে খেলতে ডাকা হয় স্কটল্যান্ডকে।
বাংলাদেশের সঙ্গে আইসিসির এই আচরণকে ‘দ্বিমূখী’ নীতি উল্লেখ করেন মহসিন নাকভি। বিশ্বকাপের এই সঙ্কটময় পরিস্থিতিতে শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক