ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী করবে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান, তবে শর্ত সাপেক্ষে। এমনিতেই তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়, এর ওপর পাকিস্তান সরকার আজ রোববার (১ ফেব্রুয়ারি) জানিয়েছে, ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না তারা।
পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের পর জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে প্রশ্ন তুলেছেন। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভোগলে লেখেন, ‘পাকিস্তানের এই সিদ্ধান্তের পর আইসিসি কী প্রতিক্রিয়া দেয়, সেটিই দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা বিষয়গুলো কীভাবে কার্যকর হয় তা জানি না। সে যা হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে তখন কী হবে?’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই জল্পনা-কল্পনার অবসান হলো। বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না পাকিস্তান।
এক টুইট বার্তায় পাকিস্তান সরকার লিখেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু, আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ভারত ম্যাচে পাকিস্তান খেলবে না।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। টাইগারদের পরিবর্তে খেলতে ডাকা হয় স্কটল্যান্ডকে।
বাংলাদেশের সঙ্গে আইসিসির এই আচরণকে ‘দ্বিমুখী’ নীতি উল্লেখ করেন মহসিন নাকভি। বিশ্বকাপের এই সংকটময় পরিস্থিতিতে শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক