এক ম্যাচে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি টাকা
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে চটকদার ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। যা কেবল একটি ম্যাচেই সীমাবদ্ধ থাকে না। ক্রিকেটের যারা স্টেকহোল্ডার, তাদেরও চোখ থাকে ম্যাচটিতে। এই একটি ম্যাচে যে পরিমাণ অর্থের ঝনঝনানি, তার ধারেকাছে নেই আর কোনো ম্যাচে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আলোচনায় এসেছে আর্থিক বিষয়টি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক ক্ষতির পরিমাণ দেখলে চোখ কপালে উঠবে।
এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই ম্যাচ মাঠে না গড়ালে আইসিসিকে পড়তে হবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা। এই একটি খেলা থেকে যা আয় আসে, তা অন্য কোনো ম্যাচ থেকে আসে না। পুরো বিশ্বকাপের মোট আয়ের প্রায় ৩৬ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আসার কথা।
ক্রিকবাজ তাদের একটি প্রতিবেদনে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ তুলে ধরার চেষ্টা করেছে। বৈশ্বিক কোনো ইভেন্টে ভারতের ম্যাচ মানেই আইসিসির মোটামুটি ১০০ কোটি রুপির মতো আয় হয়। ভারত-পাকিস্তান ম্যাচে যার ভ্যালু দ্বিগুণ, কখনও কখনও তারচেয়ে বেশি। দ্বিগুণ ধরলেও ২০০ কোটি রুপি জমা হয় আইসিসির অর্থ ভাণ্ডারে। সেই হিসেবে পুরো ২০০ কোটি রুপি লোকসান গুনতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম পেনিনসুলা লিখেছে, এই একটি ম্যাচ না হলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসি। টিকিট, টিভি সম্প্রচার, বিজ্ঞাপন মিলিয়ে সম্ভাব্য ক্ষতি প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৬৭ কোটি টাকা।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না তারা।

স্পোর্টস ডেস্ক