বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ‘প্ল্যান বি’ তৈরি
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। গত কয়েকদিন গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে এমন খবর। আভাসটাও এসেছে স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে। আগামীকাল সোমবার এ বিষয়ে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এর আগেই নতুন খবর দিল পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। বিশ্বকাপ বয়কট করলে, পাকিস্তানের প্ল্যান ‘বি’ কী হবে সেটি জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) জিও নিউজ পিসিবি সুত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে তাহলে বিশ্বকাপ চলাকালীন সময়ে চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করবে পিসিবি।
জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান জাতীয় দল, পাকিস্তান শাহীনস (এ দল) এবং অনূর্ধ্ব-১৮ দলকে ভাগ করা হবে চারটি দলে। তাদের নিয়েই আয়োজন করা হবে একটি টুর্নামেন্ট।
এর আগে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেই বৈঠক শেষে জানিয়েছিলেন, শুক্রবার (৩০ জানুয়ারি) বা সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
জিও নিউজ জানিয়েছে, আগামীকাল বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে আজ আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন নাকভি।
প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সড়িয়ে নেওয়ার আবেদন করে বাংলাদেশ। তবে বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। টাইগারদের পরিবর্তে ডাকা স্কটল্যান্ডকে।
বাংলাদেশের সঙ্গে আইসিসির এই আচরণকে ‘দ্বিমূখী’ নীতি উল্লেখ করেন মহসিন নাকভি। বিশ্বকাপের এই সঙ্কটময় পরিস্থিতিতে শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক