বৈধতার লড়াইয়ে তাসকিন-সানির জয়
অবশেষে জল্পনা-কল্পনার অবসান। পরীক্ষায় উতরে গেলেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। আইসিসির ঘোষণা এসেছে, তাসকিন ও সানির বোলিং অ্যাকশন বৈধ। জিতলেন তাসকিন, সানি। জিতে গেল বাংলাদেশ।
আজ শুক্রবার আইসিসি জানিয়েছে, তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে কোনো সমস্যা নেই। উভয় বোলার আন্তর্জাতিক ম্যাচে বল করতে পারবেন।
গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে তাসকিন ও সানি নিজেদের বোলিং পরীক্ষা দেন। সেখানে দুই বোলারের বোলিং পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণ শেষে আইসিসির পক্ষ থেকে বলা হয়, বল ছোঁড়ার ক্ষেত্রে কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে গেলে তা অবৈধ হিসেবে গণ্য হয়। তাসকিন ও সানির ক্ষেত্রে তা ঘটেনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় তাসকিন ও আরাফাতের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আম্পায়াররা ওই সন্দেহের কথা জানান। ১২ মার্চ আরাফাত সানি ও ১৪ মার্চ তাসকিন চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানে উভয়ের অ্যাকশনকে অবৈধ বলা হয়।
এ নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে আবেদন করে। কিন্তু দীর্ঘ শুনানি শেষে বিসিবির ওই আবেদনও খারিজ করে দেয় আইসিসি।
এরপর থেকেই দুই বোলার পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। অপেক্ষা ছিল ৮ সেপ্টেম্বর ব্রিসবেন পরীক্ষার। এর মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন তাসকিন। সানি ব্যস্ত ছিলেন নিজের পুনর্বাসন নিয়ে।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দল ঘোষণার জন্য তাসকিনের ফলাফল জানার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল নির্বাচকদের কাছে। গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয়। তাসকিনের ফলাফল না পাওয়ায় প্রথম দুই ম্যাচে তাসকিনকে দলের বাইরে রাখা হয়। তবে সানি এ সিরিজে দলে জায়গা পাননি।

নিজস্ব প্রতিবেদক