ইতিহাস গড়া ঋতুর অর্জনে গর্বিত বাফুফে
নারী ফুটবলে ইতিহাস সৃষ্টি করেছেন ঋতুপর্ণা চাকমা। প্রথম নারী ফুটবলার হিসেবে রোকেয়া পদক পেলেন তিনি। খেলাধুলায় অবদান রাখায় নারী জাগরণে (ক্রীড়া বিভাগ) এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা। বেগম রোকেয়া দিবসে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ঋতুপর্ণার হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঋতুপর্ণার এমন অর্জনে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লিখেছে—‘নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী ঋতুপর্ণা চাকমাকে অভিনন্দন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেগম রোকেয়া পদক-২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার এই অর্জনে অত্যন্ত গর্বিত। স্বপ্ন থেকে সংগ্রাম আর সংগ্রাম থেকে সাফল্য ঋতুপর্ণা চাকমার এই যাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবসময় পাশে আছে।’
সম্মাননা পেয়ে ঋতুপর্ণা বলেন, ‘জীবনের প্রতিটা পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা ও সম্মানের, কিন্তু আজকের এই পুরস্কারটি আমার জন্য বিশেষ হয়ে থাকবে। আমার জীবনে এগিয়ে চলার পথে যারা অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’
এ বছর পদকপ্রাপ্তরা হলেন—নারীশিক্ষায় (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। প্রতিবছরের মতো এবারও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

স্পোর্টস ডেস্ক