হাদির সম্মানে জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত নোয়াখালীর
বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দলটির জার্সি উন্মোচন করার কথা ছিল। নোয়াখালীতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে, ওসমান হাদির মৃত্যুর পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ।
বিবৃতিতে নোয়াখালী এক্সপ্রেস জানিয়েছে, 'শরিফ ওসমান হাদির মৃত্যুতে নোয়াখালী এক্সপ্রেস পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁকে জান্নাত দান করুন। তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। শহীদ হাদির সম্মানে নোয়াখালী এক্সপ্রেস আজ ১৯ ডিসেম্বরের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে। কবে কখন এই অনুষ্ঠান করা হবে, পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।'
হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সব জায়গার মতো হাদির মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও নেমেছে শোকের ছায়া।
এক বিবৃতিতে বিসিবি লিখেছে, 'শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে এবং সমবেদনা জানাচ্ছে।'
বাফুফের তাদের শোকবার্তায় লিখেছে, 'সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।'
রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়।
ওসমান হাদি ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

স্পোর্টস ডেস্ক