চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ইস্যুতে তোলপাড় ছিল ক্রিকেটপাড়া। এখনও তাজা সেই উত্তাপ। এমন পরিস্থিতিতে আজ রোববার (২৫ জানুয়ারি) বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানও আলোড়ন তুলেছিল, এই বুঝি তারাও বয়কট করবে বিশ্বকাপ!
১৫ সদস্যের স্কোয়াডে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। প্রথমবার আইসিসির বড় কোনো টুর্নামেন্টে জায়গা পেলেন এক ঝাঁক তারকা। ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিককে বিশ্বকাপ মিশনে রেখেছে পিসিবি।
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনও কাটেনি পাকিস্তানের অনিশ্চয়তা। পাকিস্তান পুরুষ দলের নির্বাচক আকিভ জাভেদ অন্তত সেই ইঙ্গিতই দিলেন দল ঘোষণার সময়। সংবাদ সম্মেলনে তিনি জানান, অংশগ্রহণের ব্যাপারে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেবে।
জাভেদ বলেন, ‘আমরা নির্বাচক এবং আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা নির্ধারিত সময়সীমার আগ মুহূর্তে দল ঘোষণা করেছি। আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, তাই সেই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড :
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

স্পোর্টস ডেস্ক