এবার একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
মাস দুয়েক পরই মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসাল টুর্নামেন্টের ফাঁকে রোববার (২৫ জানুয়ারি) সাফের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই টুর্নামেন্টের ড্র হয়েছে।
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে একই গ্রুপে পড়েছে তিন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ক্রিকেটের বৈশ্বিক আসরে যখন এই তিন দেশের সম্পর্ক নিয়ে নানা টানাপোড়েন চলছে, তখন ফুটবলের লড়াইয়ে তাদের একই গ্রুপে থাকা দর্শকদের মাঝে নতুন উত্তেজনা তৈরি করেছে।
আগামী ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপের মালেতে বসবে এই ফুটবল আসর। সাফভুক্ত সাতটি দেশই এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। আর ‘এ’ গ্রুপে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, মালদ্বীপ এবারই প্রথম কোনো বয়স ভিত্তিক সাফ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।
সম্প্রতি ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি। বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন দিয়েছে পাকিস্তানও। ক্রিকেটের এমন অস্থির পরিস্থিতির মধ্যেই ফুটবল মাঠে লড়াই করবে এই তিন দেশের তরুণরা।
এদিকে, চলতি বছর সাফ চ্যাম্পিয়নশিপের মূল আসর (সিনিয়র পর্যায়) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হতে বেশ আগ্রহী। ব্যাংককে সাফের কংগ্রেসে ভেন্যু ও সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

স্পোর্টস ডেস্ক