পিএসএলে দল পেলেন মুস্তাফিজ, কিনল কারা?
রেকর্ড পারিশ্রমিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের হুমকির মুখে তাকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। এরপরই মুস্তাফিজকে স্বাগত জানায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
এবার মুস্তাফিজকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা এলো। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পাকিস্তান সুপার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
চুক্তি অনুযায়ী, ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৮২ লাখ টাকা।
এর আগে লাহোরের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। ২০১৬ ও ২০১৮ সালে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতিয়েছেন টাইগার এই পেসার।
লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা বলেন, ‘একবার কালান্দারস, সবসময় কালান্দার্সের।মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়; তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত।’
সামীন রানা বলেন, ‘তার (মুস্তাফিজের) প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই।’
আগামী ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হবে পিএসএলের। এর আগে চার ক্রিকেটারকে ধরে রেখেছে লাহোর।

স্পোর্টস ডেস্ক