বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন মিরাজ
প্রথম ম্যাচের ব্যর্থতা ঢেকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশি বোলারদের অপেক্ষা বাড়িয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল সফরকারীরা। অবশেষে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আজ শুক্রবার (১৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৪০ বলে ২৬ রানে অপরাজিত আছেন শাহিবজাদা ফারহানে আর ৫ বলে ২ রানে শামিল হোসেন।
এদিনও টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অধিনায়ক মিরাজ। তবে আজ বাংলাদেশি বোলারদের সুযোগ দেননি পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত। দুজন মিলে নির্বিঘ্নে কাটিয়ে দেন পাওয়ার-প্লে।
পাওয়ার-প্লের ১০ ওভারে বাংলাদেশি বোলারদের রীতিমতো শাসন করেছেন মাজ সাদাকাত। পুরো সময় টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন তিনি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তবে সেটি করতে দেননি মিরাজ। ১৩তম ওভারে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরত পাঠিয়েছেন তাকে। ফেরার আগে করেছেন ৪৬ বলে ৭৫ রান।

স্পোর্টস ডেস্ক