উদ্বোধনী জুটিতে দুরন্ত বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ওপেনিংয়ের অসাধারণ নৈপুণ্যে। পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ে ওপেনিং, বাংলাদেশও হারে ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ রোববার (১৫ মার্চ) আরেকবার জেগেছে উদ্বোধনী জুটি। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে দুর্দান্ত গতিতে এগোচ্ছে স্বাগতিকরা।
ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন তামিম। ৪৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় হাফসেঞ্চুরি স্পর্শ করেন তিনি। সাইফও ব্যাট চালাচ্ছেন সমানভাবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে বিনা উইকেটে ৮৭ রান।
দুদলের সামনে অভিন্ন লক্ষ্য। সিরিজ নিজেদের করতে হলে ম্যাচ জয়ের বিকল্প নেই। এই সমীকরণ নিয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ভালো পারফর্ম করবে, সেটিই আশা করি। এটি ভিন্ন ম্যাচ, আগের দুই ম্যাচের চেয়ে আলাদা।’
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট বেশ ভালো দেখাচ্ছে। আমার দল আত্মবিশ্বাসী। গত দুই ম্যাচে বোলাররা ভালো করেছে। আমাদের ব্যাটারদের নিয়ে কথা হয়। যদি রান করতে পারে, দায়িত্ব নিয়ে খেলতে পারে, আমরা অবশ্যই ভালো করব।’

ক্রীড়া প্রতিবেদক