চেলসিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি
ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ লড়াইয়ের আভাস দিল চেলসি। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় কাজের কাজ কিছুই হলো না। উল্টো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে তাদেরই মাঠে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়হগা করে নিল পিএসজি।
মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাতে চেলসির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা রাখল ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুটা চেলসি ইতিবাচকভাবে করলেও ষষ্ঠ মিনিটেই গোল হজম করে বসে তারা। চেলসি ডিফেন্ডার মামাদু সার বল ক্লিয়ার করতে ভুল করলে সুযোগ লুফে নেন কাভারাৎস্খেলিয়া। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে পিএসজিকে এগিয়ে নেন তিনি।
৮ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ম্যাচের ১৪ মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে গতিময় শটে গোল করেন এই তরুণ ফরোয়ার্ড।
দুই লেগ মিলিয়ে পাঁচ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি চেলসি। প্রথমার্ধের বাকি সময় একের পর এক আক্রমণ করলেও পিএসজির রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৬২তম মিনিটে চমৎকার এক ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন সেনি মায়ুলু।
এই গোলের মাধ্যমে দুই লেগ মিলিয়ে চেলসির জালে মোট ৮ বার বল পাঠাল পিএসজি, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চেলসির বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৭ গোল খেয়েছিল ব্লুজরা।
ম্যাচের শেষ দিকে ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন আলেহান্দ্রো গার্নাচো ও লিয়াম ডেলাপ, কিন্তু সাফল্যের দেখা পাননি। চেলসি কোচ এনজো ফার্নান্দেস আর কোল পামারের মতো তারকাদের তুলে নেওয়ায় চেলসির আক্রমণের ধার আরও কমে যায়। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
কোয়ার্টার ফাইনালে পিএসজিকে লড়তে হবে লিভারপুল অথবা গালাতাসারাইয়ের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক