ক্রোয়েশিয়া ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেলেসাও শিবিরে বইছে দুশ্চিন্তার বাতাস। ফ্রান্সের কাছে হারের তিক্ততা কাটতে না কাটতেই চোটের মিছিলে যোগ দিচ্ছেন একের পর এক তারকা খেলোয়াড়।
আগামী ১ এপ্রিল ভোরে অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া হাইভোল্টেজ ম্যাচটি। এই ম্যাচের প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে এসেছে ফরোয়ার্ড রাফিনিয়ার চোট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বার্সেলোনার এই তারকা অন্তত ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।
শনিবার অরল্যান্ডোতে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল অনুশীলন করলেও সেখানে দেখা যায়নি দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অনুশীলনের বদলে জিম এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে এই রিয়াল মাদ্রিদ তারকাকে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ঊরুতে কিছুটা অস্বস্তি বোধ করেছিলেন ভিনি। যদিও পরীক্ষায় বড় কোনো চোট ধরা পড়েনি, তবুও বাড়তি সতর্কতাস্বরূপ তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আশাবাদী যে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁকে পাওয়া যাবে।
এদিকে রিয়াল মাদ্রিদও তাদের এই তারকার দিকে কড়া নজর রাখছে। কারণ আগামী ৮ এপ্রিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
ব্রাজিল শিবিরের জন্য স্বস্তির খবর হলো, অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োস অনুশীলনে ফিরেছেন। কোমরের ব্যথার কারণে ফ্রান্সের বিপক্ষে তিনি খেলতে পারেননি। ক্রোয়েশিয়া ম্যাচ দিয়েই তাঁর একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চোটের কারণে থাকছেন না ডিফেন্ডার ওয়েসলি। তাঁর জায়গায় একাদশে দেখা যেতে পারে দানিলোকে।
ক্রোয়েশিয়া বধের জন্য কোচ আনচেলত্তি রক্ষণভাগ ও আক্রমণভাগ নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন। অনুশীলনে তিনি খেলোয়াড়দের দুটি গ্রুপে ভাগ করে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

স্পোর্টস ডেস্ক