‘নির্বাচনটা সংবিধান অনুযায়ীই করা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসসি) গঠিত তদন্ত কমিটি। যদিও তদন্ত কমিটির রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি। তার ভিত্তিতে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা দেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেন।
গঠিত ১১ সদস্যের কমিটির মধ্যে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের পরিবারের সদস্য আছেন চারজন। ফলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। জাতীয় সংসদের অধিবেশনেও ওঠে বিষয়টি। সেখানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে। বর্তমান গণতান্ত্রিক সরকারের ক্রীড়ামন্ত্রী ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিয়েছেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, সংবিধান মেনেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি।’
আসিফ আরও বলেন, ‘এডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নাই। শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?’

স্পোর্টস ডেস্ক