কোচ আলফাজকে বরখাস্ত করেছে মোহামেডান
পেশাদার যুগে মোহামেডানের প্রথম লিগ শিরোপা এসেছে আলফাজ আহমেদের হাত ধরে। মোহামেডান ক্লাবের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরোনো। ক্লাবের কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা। তবে, মধুর সম্পর্ক আর রইল না।
প্রধান কোচের দায়িত্ব থেকে আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহামেডান ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা ক্লাবটিকে রীতিমতো বিপর্যয়ের সম্মুখীন করেছে। দলের এমন আশানুরূপ ফলাফল না হওয়ায় ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা এবং অগণিত সমর্থকেরা মর্মাহত হওয়ার পাশাপাশি গভীর অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই দলকে পুনরায় ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত করতেই এই সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
নতুন কোচ কে হবে, সেটিও জানিয়ে দিয়েছে মোহামেডান। আলফাজের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। পাশাপাশি ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে টিম লিডার হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনটি ভিন্ন ভূমিকায় মোহামেডানকে শিরোপা জেতানোর অনন্য রেকর্ডে জড়িয়ে আছে আলফাজের নাম। ১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে, ১৯৯৯ সালে অধিনায়ক হিসেবে এবং ২০০৫ সালে জাতীয় লিগ জয়েও নেতৃত্ব দেন তিনি। সর্বশেষ ২০২৫ সালে প্রধান কোচ হিসেবে পেশাদার যুগে মোহামেডানকে প্রথম লিগ শিরোপা এনে দেন।
এতকিছুর পরও থাকা হলো না আলফাজের। সাম্প্রতিক ফর্মে সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ। তারা হাঁটলেন পরিবর্তনের পথে।

স্পোর্টস ডেস্ক