পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলেরই এটি বছরের প্রথম টেস্ট।
আজ শুক্রবার (৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
পরিসংখ্যান বলছে, অসম এক লড়াই বাংলাদেশের জন্য। কারণ এখন পর্যন্ত ১৫টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের সাফল্য বলতে কেবলই দুটি জয় আর একটি ড্র। বিপরীতে পাকিস্তান জিতেছে ১২টি ম্যাচ।
তবে বাংলাদেশের জন্য স্বস্তির কথা হলো দুই দেশের ক্রিকেটের পুরোনো সেই ধারা বদলাতে শুরু করেছে। টেস্টে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
এবারের ম্যাচ ঘরের মাটিতে হওয়ায় টাইগাররা কিছুটা এগিয়েই রাখবে। শেরেবাংলার উইকেট টাইগারদের জন্য হাতের তালুর মতোই চেনা।

স্পোর্টস ডেস্ক