ঢাকা টেস্ট
যে একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে প্রথমবার দলে ডাক পেয়েছিলেন দুই ব্যাটার তানজিদ হাসান তামিম আর অমিত হাসান। কোনো একজনের অভিষেক হবে কি না, সেটিই দেখার আগ্রহ ছিল সবার। তবে আপাতত সেটি হচ্ছে না। তাদের না রেখেই তিন পেসার, দুই স্পিনার আর ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।
আগের দিন সংবাদ সম্মেলনেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়েছিল, তামিম কিংবা অমিতের অভিষেক হবে কি না? শান্ত সেই উত্তর দিতে চেয়েছিলেন টসের পর।
সেই উত্তর মিলেছে, জাতীয় দলে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করা তামিমের অপেক্ষা বাড়ল সাদা পোষাকে অভিষেকের। ঘরোয়াতে রান ঘোড়া ছুটানো তরুণ ব্যাটার অমিতেরও অপেক্ষা বাড়ল।
তিন পেসার আর দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আলোচিত নাহিদ রানার সঙ্গে আছেন চোট থেকে ফেরা তাসকিন আহমেদ আর ইবাদত হোসেন। দুই স্পিনার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম।
ওপেনিংয়ে এবারও ভরসা রাখা হচ্ছে মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামের ওপর।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক