‘মেসিকে ভালোবেসেই আর্জেন্টিনার সমর্থক হয়েছি’
চার বছরের প্রতীক্ষা শেষে আবারও ফিরেছে ফুটবলের মহামঞ্চ, বিশ্বকাপ। বিশ্বসেরার মুকুট জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে দলগুলো। চলছে উত্তেজনা, উন্মাদনা আর তারকাদের ঝঁলক। চলমান বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা, প্রিয় দল, সম্ভাব্য চ্যাম্পিয়ন এবং নজরে থাকা তরুণ ফুটবলারদের নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংসের তারকা লেফট উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম। তার সাক্ষাৎকার নিয়েছেন মনিরুল ইসলাম।
এনটিভি অনলাইন: একজন পেশাদার ফুটবলার হিসেবে চলমান বিশ্বকাপ নিয়ে আপনার ভাবনা কী?
ফয়সাল আহমেদ ফাহিম: চার বছর পরপর বিশ্বকাপ আসে, তাই এই টুর্নামেন্টের আবেদনই আলাদা। খেলোয়াড় হিসেবে আমিও পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে খেলা দেখি। প্রতিটি ম্যাচ আর প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি।
এনটিভি অনলাইন: এবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করছেন?
ফাহিম: ফুটবল বুঝতে শেখার পর থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলা থেকেই মেসির খেলা খুব ভালো লাগত। মূলত তাকে অনুসরণ করেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে।
এনটিভি অনলাইন: আপনার আর আপনার স্ত্রীর প্রিয় দল কি একই? বিশ্বকাপের সময় বাসায় ফুটবল নিয়ে মজার তর্কবিতর্ক হয়?
ফাহিম: হ্যাঁ, আমাদের দুজনেরই প্রিয় দল একই। তাই দল নিয়ে তর্ক হয় না। তবে বিভিন্ন খেলোয়াড়কে নিয়ে মজার আলোচনা আর খুনসুটি চলতেই থাকে। কে ভালো খেলছে, কে আরও ভালো করতে পারত, এসব নিয়েই বেশি কথা হয়।
এনটিভি অনলাইন: বিশ্বকাপ তো সবে শুরু। এবারের আসরে কোন মুহূর্তটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন?
ফাহিম: গত বিশ্বকাপের ফাইনাল ছিল অসাধারণ। এমন আরেকটি রোমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষাতেই আছি।
এনটিভি অনলাইন: আপনার মতে, কোন চারটি দল সেমিফাইনালে উঠবে? আর শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে কোন দল?
ফাহিম: আমার মতে সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল ও স্পেন। শিরোপার দৌড়েও এই দলগুলোই এগিয়ে থাকবে।
এনটিভি অনলাইন: এবারের বিশ্বকাপে এমন কোনো খেলোয়াড় আছেন, যার দিকে আপনার বিশেষ নজর থাকবে?
ফাহিম: রিও এনগুমোহা ও লামিনে ইয়ামালকে দেখার অপেক্ষায় আছি। দুজনই দারুণ প্রতিভাবান এবং ভবিষ্যতে বড় তারকা হওয়ার সামর্থ্য রাখে।

ক্রীড়া প্রতিবেদক