ফিফার বাড়তি সুবিধা নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ
ফুটবল বিশ্বে এখন একটি কথা বেশ চাউর হচ্ছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য না কি একটু বেশিই সুগম করে দেওয়া হয়েছে নকআউটের পথ। তুলনামূলক সহজ ড্র সামনে আসতেই সেই আলোচনা ছড়িয়ে পড়েছে সমর্থক থেকে বিশ্লেষকদের মধ্যেও। কেউ কেউ তো সরাসরি অভিযোগ তুলেছেন, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন সহজ করতেই এমন ড্র সাজিয়েছে ফিফা।
শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দে। এই ম্যাচ জিততে পারলে শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিসর। এরপর কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়ার সঙ্গে। সম্ভাব্য এই পথ তুলনামূলক সহজ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, মেসি-মার্টিনেজদের বাড়তি সুবিধা করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
তবে এসব গুঞ্জনকে একেবারেই আমলে নিচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে ড্র নয়, শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর দেবে মাঠের ফুটবল।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এখন এমন এক সময়, যখন যেকোনো মতামতই খুব সহজে জনপ্রিয় হয়ে যেতে পারে, সেটি সত্য হোক বা না হোক। এসব অবাস্তব আলোচনা উপেক্ষা করে আমাদের মনোযোগ রাখতে হবে মাঠের খেলায়।’
কেপ ভার্দেকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা কোচ। আফ্রিকার উপকূলের ছোট দ্বীপরাষ্ট্রটি এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। অভিষেক আসরেই তারা স্পেনের সঙ্গে গোলশূন্য, উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে জায়গা করে নিয়েছে। সেই পারফরম্যান্স স্কালোনিকে সতর্ক করে দিয়েছে।
কেপ ভার্দেকে নিয়ে স্কালোনি বলেন, ‘তারা এমন একটি দল, যারা এখনও হারেনি। তারা এখানে কাকতালীয়ভাবে আসেনি। আমরা তাদের সম্মান করি এবং সেই সম্মান নিয়েই মাঠে নামব।’
ফিফা ও আর্জেন্টিনাকে ঘিরে যত গুঞ্জনই উঠুক, স্কালোনির চোখে এখন কেবল কেপ ভার্দে। বিশ্বকাপের নকআউট পর্বে নামের চেয়ে পারফরম্যান্সই বড়। তাই বিতর্ক নয়, মাঠের খেলাতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক