নরওয়ের বিপক্ষে কি দেখা যাবে নেইমারকে?
দীর্ঘদিনের চোট কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে চোট পিছু ছাড়েনি। এরপর আবারও চোটে পড়েন তিনি। যেটি নিয়ে এখনো ভুগছেন নেইমার। কাফ মাসেলের সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপে মাঠে নামা হচ্ছে না নেইমারের। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৮১ দিন পর মাঠে নেমে খেলেছিলেন মোটে ১৪ মিনিট।
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রোববার (৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচের আগে আবারও আলোচনায় নেইমার। ভক্তদের মনে বড় প্রশ্ন—আজকের ম্যাচে কি মাঠে নামবেন নেইমার জুনিয়র?
নরওয়ে ম্যাচের আগে অবশ্য নেইমারকে নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন। জাপানের বিপক্ষে শেষ ম্যাচে নামার সম্ভাবনা থাকলেও কৌশলী কারণে তাকে মাঠে নামাননি কোচ। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, নেইমার এখন ৯০ মিনিট খেলার মতোই ফিট।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার খেলার জন্য প্রস্তুত। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে। সে ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ ফিট, এতে কোনো সন্দেহ নেই।’
ব্রাজিল দলে চোট সমস্যা কিছুটা অস্বস্তি বাড়ালেও সেটি নেইমারের সুযোগ বাড়িয়ে দিয়েছে। মিডফিল্ডার লুকাস পাকুয়েতা চোটের কারণে ছিটকে গেছেন, রাফিনিয়াও শতভাগ ফিট নন। এমতাবস্থায় গ্যাব্রিয়েল মার্টিনেল্লি কিংবা দানিলো সান্তোসের পাশাপাশি নেইমারকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বেঞ্চে বসে সময় কাটানো নেইমারের জন্য যে মোটেও সুখকর নয়, তা স্বীকার করেছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘সে বেঞ্চে বসে সুখী নয়, এটাই স্বাভাবিক। তবে তার পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। সে দলের অন্যতম চালিকাশক্তি এবং সতীর্থদের কাছে দারুণ জনপ্রিয়। তার শরীরী ভাষাতেই স্পষ্ট যে সে খেলার জন্য কতটা উন্মুখ।’
২০০২ সালের পর থেকে বিশ্বকাপের মূল পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে নিয়মিতই হোঁচট খাচ্ছে ব্রাজিল। গত পাঁচটি আসরেই তাদের বিদায় ঘণ্টা বাজিয়েছে ইউরোপের কোনো না কোনো দেশ। আনচেলত্তির অধীনে এবার সেই ইউরোপীয় জুজু কাটানোই ব্রাজিলের বড় চ্যালেঞ্জ।

স্পোর্টস ডেস্ক