ব্রাজিলিয়ান তারকার ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাতে পারবেন কী এমবাপ্পে?
বিশ্ব ফুটবলের বর্তমান প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন কিলিয়ান এমবাপ্পে। অল্প সময়েই নিজের নাম তুলেছেন সেরাদের কাতারে। গড়েছেন একের পর এক রেকর্ড। এবার তার সামনে অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক মাইলফলক। যেখানে ভাগ বসাবেন ব্রাজিল তারকার ঐতিহাসিক রেকর্ডে।
মঙ্গলবার ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনকে হারাতে পারলেই টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে ফ্রান্স। আর তাতেই ব্রাজিলের কিংবদন্তি কাফু'র গড়া টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার অনন্য রেকর্ড স্পর্শ করবেন ফরাসি অধিনায়ক।
বিশ্বকাপের শতবর্ষের ইতিহাসে টানা তিনটি আসরের ফাইনালে উঠতে পেরেছে মাত্র দুটি দল। জার্মানি খেলেছিল ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালের ফাইনালে। আর ব্রাজিল উঠেছিল ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের ফাইনালে। তবে এই দীর্ঘ ইতিহাসে টানা তিনটি ফাইনালের প্রতিটিতেই মাঠে নেমেছেন একমাত্র কাফু।
এবারের ফরাসি দলে এমবাপ্পে, ওসমান দেম্বেলে ও লুকাস হার্নান্দেজ এই তিনজনের সামনেই কাফুর বিরল কীর্তি স্পর্শ করার সুযোগ রয়েছে। তিনজনই ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ও ২০২২ সালের রানার্সআপ দলের সদস্য।
তবে তাদের মধ্যে এমবাপ্পেই একমাত্র ফুটবলার, যিনি ২০১৮ ও ২০২২ দুই বিশ্বকাপ ফাইনালেই শুরুর একাদশে খেলেছেন। ফ্রান্স এবারও ফাইনালে উঠলে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালেও মাঠে নামবেন তিনি।
ফাইনালের মঞ্চে এরই মধ্যে অসাধারণ ছাপ রেখে গেছেন এমবাপ্পে। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করেন তিনি। এরপর ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন। দুই ফাইনাল মিলিয়ে তার গোলসংখ্যা চার। যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসেই অন্যতম সেরা অর্জন।
অন্যদিকে, দেম্বেলের সমীকরণ ভিন্ন। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী দলে থাকলেও ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি তিনি। আর লুকাস হার্নান্দেজ ২০১৮ সালের ফাইনালে খেললেও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বেই চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।
ফলে ফ্রান্স এবারও ফাইনালে উঠলে দলের টানা তিনটি বিশ্বকাপ ফাইনালের স্কোয়াডে থাকার কৃতিত্ব তিনজনই ভাগ করে নেবেন। কিন্তু কাফুর মতো টানা তিনটি বিশ্বকাপ ফাইনালের প্রতিটিতে মাঠে নামার বিরল রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকবে শুধু এমবাপ্পের সামনে।
ইতিহাসে লোথার ম্যাথাউস, পিয়ের লিটবারস্কি এবং রোনালদোর মতো কিংবদন্তিরাও টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে ছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তিনটি ফাইনালের প্রতিটিতে মাঠে নামতে পারেননি তারা। তাই বিশ্বকাপের শতবর্ষের ইতিহাসে টানা তিনটি ফাইনালের প্রতিটিতে খেলা একমাত্র ফুটবলার এখনো কাফু।
মঙ্গলবার স্পেনকে হারিয়ে ফ্রান্স যদি আবারও ফাইনালে ওঠে। তবে সেই বিরল কীর্তিতে ভাগ বসানোর সুযোগ থাকবে শুধু এমবাপ্পের সামনে।

স্পোর্টস ডেস্ক