গর্ডনের গর্জনে এগিয়ে গেল ইংল্যান্ড
প্রধমার্ধে ফুটবলের কসরতের বিপরীতে দুই দল দেখাল শারীরিক কসরত। বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখাল আর্জেন্টিনা-ইংল্যান্ড। তবে জাল খুঁজে পাচ্ছিল না তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভাঙল সেই গোল খরা। অ্যান্থনি গর্ডনের দারুণ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।
আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাতে যুক্তরাষ্ট্রে আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুকি হয়েছে আর্জেন্টিনা আর ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। মাঝমাঠে দ্রুত পাসের সমন্বয়ে আর্জেন্টিনার রক্ষণে চাপ তৈরি করে তারা, যার ফল আসে গর্ডনের গোলে।
বক্সের কাছাকাছি তৈরি হওয়া সুযোগ ঠান্ডা মাথায় কাজে লাগান গর্ডন। তার নিখুঁত শটে পরাস্ত হন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
গর্ডনের এই গোলে ম্যাচের নিয়ন্ত্রণে এগিয়ে গেল ইংল্যান্ড। ৫৫ মিনিট শেষে স্কোরলাইন ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা।
এর আগে ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ার চেষ্টা করে আর্জেন্টিনা। অন্যদিকে, দ্রুত পাল্টা আক্রমণ এবং ডান প্রান্তকে কাজে লাগিয়ে সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে নামে ইংল্যান্ড।
মাঝমাঠে ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন ও মর্গান রজার্সের বিপরীতে এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার সমানতালে লড়াই চালিয়ে যান।
ম্যাচের ১২তম মিনিটে প্রথমবারের মতো ম্যাচের উত্তাপ স্পষ্ট হয়ে ওঠে। মাঝমাঠে এলিয়ট অ্যান্ডারসনকে কঠিন ট্যাকল করেন এনজো ফার্নান্দেজ। ফাউলের পর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে দ্রুত সেখানে যোগ দেন মর্গান রজার্স ও লিয়ান্দ্রো পারেদেস। রেফারি দ্রুত পরিস্থিতি সামাল দিলেও সেমিফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতার বার্তা তখনই পরিষ্কার হয়ে যায়।
২০তম মিনিটে ম্যাচের সবচেয়ে বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে ইংল্যান্ড। দ্রুত পাসের সমন্বয়ে ডান দিক দিয়ে এগিয়ে নিচু ক্রস পাঠান রিস জেমস। বক্সে অপেক্ষায় ছিলেন ইংলিশ ফুটবলার। তবে দারুণ ক্ষিপ্রতায় সামনে এগিয়ে এসে বলটি নিরাপদে গ্লাভসবন্দি করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ম্যাচের ৩৩তম মিনিটে আসে প্রথম উল্লেখযোগ্য গোলের প্রচেষ্টা। ডেকলান রাইসের ফ্রি-কিক দূরের পোস্টে ভেসে গেলে লিসান্দ্রো মার্টিনেজকে টপকে হেড করেন জন স্টোনস। তবে চাপে থাকায় তার হেড লক্ষ্যে রাখতে পারেননি। বল পোস্টের বাইরে চলে যায়। এটিই ছিল ম্যাচের প্রথম উল্লেখযোগ্য শট।
প্রথমার্ধের শেষদিকে ম্যাচ আরও শারীরিক রূপ নেয়। একের পর এক ফাউল ও শক্ত ট্যাকলে খেলা বারবার থেমে যায়। ৩৭তম মিনিটে প্রতিপক্ষকে থামাতে গিয়ে বাজে ফাউল করেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। রেফারি সঙ্গে সঙ্গেই তাকে হলুদ কার্ড দেখান। ফলে দ্বিতীয়ার্ধে আরও সতর্ক হয়ে খেলতে হবে ইংল্যান্ডের এই মিডফিল্ডারকে।
প্রথম ৪৫ মিনিটে আর্জেন্টিনা বলের দখলে কিছুটা এগিয়ে থাকলেও ইংল্যান্ডের পাল্টা আক্রমণ ছিল সমান কার্যকর। দুই দলের রক্ষণভাগও ছিল দারুণ সংগঠিত। ফলে আক্রমণে কাঙ্ক্ষিত ধার দেখা যায়নি।

স্পোর্টস ডেস্ক