সিলেটে উবারের সেবা চালু, সহজ হবে নগর যাতায়াত
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার সিলেটে আনুষ্ঠানিকভাবে তাদের সেবা চালু করেছে। এর ফলে নগরীর বাসিন্দা ও দর্শনার্থীরা এখন থেকে উবার অ্যাপের মাধ্যমে সহজেই রাইড বুক করতে পারবেন। একই সঙ্গে স্থানীয় চালকদের জন্যও তৈরি হবে নমনীয় আয়ের নতুন সুযোগ।
গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উবার জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সিলেটে এ সেবা চালু করা হয়েছে।
উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন, শিক্ষা ও ব্যবসাকেন্দ্র সিলেটে সেবা চালু করতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, উবার একদিকে যেমন যাত্রীদের জন্য নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে, অন্যদিকে চালকদের জন্যও সুবিধাজনক আয়ের সুযোগ তৈরি করছে। সিলেটের মানুষের দৈনন্দিন যাতায়াতের অংশ হয়ে উঠতে প্রতিষ্ঠানটি আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে—এমন প্রযুক্তিনির্ভর উদ্যোগকে সরকার স্বাগত জানায়। তিনি বলেন, উবারের সেবা সিলেটের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় চালকদের জন্য নতুন আয়ের সুযোগও সৃষ্টি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, উবারের সাফল্য স্থানীয় চালক, যাত্রী ও অংশীদারদের ওপর নির্ভরশীল। সিলেটে এ সেবা চালু হওয়া শহরের সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন এবং এটি স্থানীয় মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
উবার ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এর আগে সিলেটে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালু ছিল। পূর্ণাঙ্গ রাইড-শেয়ারিং সেবা চালুর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করার উদ্যোগে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক