যুক্তরাষ্ট্রের ৫০০ শহরে ড্রোনে পণ্য পৌঁছে দেবে অ্যামাজন
যুক্তরাষ্ট্রে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ কার্যক্রম বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করেছে অ্যামাজন। চলতি বছরের শেষ নাগাদ দেশটির প্রায় ৫০০ শহর ও জনপদে ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানের তুলনায় এটি প্রায় ছয় গুণ সম্প্রসারণ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০টি মহানগর এলাকায় ১১টি কেন্দ্র থেকে অ্যামাজনের ড্রোনভিত্তিক পণ্য সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্র প্রায় ১৭৫ বর্গমাইল এলাকা পর্যন্ত সেবা দিচ্ছে।
বর্তমানে অ্যারিজোনার ফিনিক্স, ফ্লোরিডার টাম্পা, মিসৌরির কানসাস সিটি, নেব্রাস্কার ওমাহা, লুইজিয়ানার ব্যাটন রুজ, মিশিগানের ডেট্রয়েট, টেক্সাসের হিউস্টন, সান অ্যান্টোনিও, ডালাস ও ওয়াকো এলাকায় এ সেবা চালু রয়েছে।
শিগগিরই শিকাগো ও আটলান্টা মহানগর এলাকায় ড্রোন সরবরাহ চালুর পরিকল্পনা করেছে অ্যামাজন। পাশাপাশি নিউইয়র্কের সিরাকিউজ, ওহাইওর ক্লিভল্যান্ড এবং আইডাহোর বোয়াইসি অঞ্চলেও এ সেবা সম্প্রসারণ করা হবে। চলতি বছরের শেষ দিকে আরও বিভিন্ন এলাকায় কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
অ্যামাজনের তথ্যমতে, বড় জুতার বাক্সে রাখা যায়-এমন সর্বোচ্চ পাঁচ পাউন্ড বা প্রায় ২ দশমিক ৩ কেজি ওজনের প্রায় যেকোনো পণ্য ড্রোনের মাধ্যমে সরবরাহ করা সম্ভব। অধিকাংশ পণ্য এক ঘণ্টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে মাত্র ৩০ মিনিটের মধ্যেও পণ্য পৌঁছে দেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
অ্যামাজন প্রাইম সদস্যরা কমপক্ষে ৫০ ডলারের পণ্য কিনলে বিনা খরচে ড্রোন সরবরাহ সুবিধা পাবেন। এর চেয়ে কম মূল্যের পণ্যের ক্ষেত্রে ড্রোন সরবরাহের জন্য ৩ ডলার এবং প্রাইম সদস্য নন এমন গ্রাহকদের দ্রুত ড্রোন সরবরাহের জন্য ৫ ডলার খরচ হবে।
প্রযুক্তিনির্ভর দ্রুত পণ্য সরবরাহ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার অংশ হিসেবে অ্যামাজনের এ উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক