এক চার্জে ১৫৮ কিলোমিটার, মোট রেঞ্জ ১,২৩৪-দীপাল এস০৫ কেমন?
দেশের বাজারে নতুন পিএইচইভি (প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল) এসইউভি হিসেবে এসেছে দীপাল এস০৫। গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার টাকা। বিদ্যুৎ ও জ্বালানি-দুই শক্তির সমন্বয়ে গাড়িটি সর্বোচ্চ ১ হাজার ২৩৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। শুধু বৈদ্যুতিক শক্তিতে চলার ক্ষেত্রে এর সর্বোচ্চ পরিসর ১৫৮ কিলোমিটার।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ইভি মোডে প্রতি কিলোমিটার চলতে খরচ হবে প্রায় ২ টাকা ৫০ পয়সা। ফলে দৈনন্দিন শহুরে যাতায়াতে বিদ্যুৎচালিত মোড ব্যবহার করে পরিবহন ব্যয় কমানোর সুযোগ থাকছে।
দীপাল এস০৫ পিএইচইভি মূলত দৈনন্দিন যাতায়াত ও দূরপাল্লার ভ্রমণ-দুই ধরনের ব্যবহারের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। শহরে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে শুধু বৈদ্যুতিক শক্তি ব্যবহার করা যাবে। তবে প্রকৃত বৈদ্যুতিক পরিসর ড্রাইভিংয়ের ধরন ও অন্যান্য ব্যবহারের ওপর নির্ভর করবে।
গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ২৭ দশমিক ২৮ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার সিএটিএল ব্যাটারি। বৈদ্যুতিক শক্তিতে গাড়ি চালানোর সক্ষমতার অন্যতম প্রধান উপাদান হিসেবে এই ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ক্রেতাদের জন্য গাড়িটির মোটর ও ব্যাটারিতে দেওয়া হচ্ছে আট বছরের ওয়ারেন্টি। পাশাপাশি বাংলাদেশে দীপালের অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেডের মাধ্যমে বিক্রয়-পরবর্তী তিন বছরের বিনামূল্যে সার্ভিসিং সুবিধা থাকছে।
প্রতিষ্ঠানটির দাবি, কম পরিচালন ব্যয়, বৈদ্যুতিক ও জ্বালানি-দুই ধরনের শক্তি ব্যবহারের সুবিধা, উন্নত ব্যাটারি প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদি ওয়ারেন্টির কারণে দেশের এসইউভি বাজারে নতুন ধরনের বিকল্প তৈরি করবে দীপাল এস০৫ পিএইচইভি।
৪৯ লাখ ৫০ হাজার টাকা দামের এই গাড়িতে একই সঙ্গে বৈদ্যুতিক ও জ্বালানিচালিত ব্যবস্থার সুবিধা থাকায় দৈনন্দিন শহুরে যাতায়াতের পাশাপাশি দূরপাল্লার ভ্রমণেও এটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক