ল্যাপটপ কেনার আগে জানুন কোর আই৩, কোর আই৫ ও আই-এর পার্থক্য
নতুন ল্যাপটপ কেনার সময় প্রসেসর নির্বাচন নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। ল্যাপটপের গায়ে সাধারণত ইন্টেল কোর আই৩, আই৫ কিংবা আই৭ লেখা থাকে। কাজের ধরন ও বাজেট অনুযায়ী কোন প্রসেসরটি আপনার জন্য উপযোগী, তা জানা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
কোর আই৩: সাধারণ কাজের জন্য
কোর আই৩ সাধারণত দৈনন্দিন ও তুলনামূলক হালকা কাজের জন্য উপযোগী। ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ব্যবহার কিংবা মুভি-ভিডিও দেখার মতো কাজে এটি যথেষ্ট। শিক্ষার্থী এবং সাধারণ অফিসের কাজ করেন এমন ব্যবহারকারীরা কোর আই৩ বেছে নিতে পারেন।
কোর আই৫: কাজ ও পারফরম্যান্সের ভারসাম্য
কোর আই৫ তুলনামূলক বেশি ক্ষমতাসম্পন্ন। একসঙ্গে একাধিক কাজ করা, হালকা গেমিং, সাধারণ পেশাদার কাজ এবং বেসিক কনটেন্ট তৈরির মতো কাজে এটি ভালো পারফরম্যান্স দিতে পারে। সাধারণ পেশাজীবী, ফ্রিল্যান্সার এবং ক্যাজুয়াল গেমারদের জন্য কোর আই৫ একটি ভারসাম্যপূর্ণ বিকল্প হতে পারে।
কোর আই৭: ভারী কাজের জন্য
কোর আই৭ সাধারণত বেশি প্রসেসিং ক্ষমতার প্রয়োজন হয় এমন কাজের জন্য ব্যবহৃত হয়। ভারী ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং, ভারী গেমিং এবং বড় সফটওয়্যার চালানোর ক্ষেত্রে এটি বেশি উপযোগী হতে পারে। পেশাদার ভিডিও এডিটর, থ্রিডি অ্যানিমেটর, সফটওয়্যার ডেভেলপার এবং ভারী গেমিং করেন এমন ব্যবহারকারীরা কোর আই৭ বিবেচনা করতে পারেন।
কোনটি কিনবেন?
ল্যাপটপ কেনার সময় শুধু কোর আই৩, আই৫ বা আই৭ লেখা দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনার কাজের ধরন, প্রয়োজনীয় পারফরম্যান্স এবং বাজেট বিবেচনা করে প্রসেসর নির্বাচন করা ভালো। সাধারণ কাজের জন্য কোর আই৩, তুলনামূলক বেশি মাল্টিটাস্কিং ও পেশাদার কাজের জন্য কোর আই৫ এবং ভারী কাজের জন্য কোর আই৭ বিবেচনা করা যেতে পারে। তবে একই কোর আই৫ বা কোর আই৭-এর ভিন্ন প্রজন্ম ও মডেলের পারফরম্যান্সে বড় পার্থক্য থাকতে পারে। তাই ল্যাপটপ কেনার আগে প্রসেসরের প্রজন্ম, নির্দিষ্ট মডেল, র্যাম, এসএসডি এবং গ্রাফিকস-এর তথ্যও দেখে নেওয়া জরুরি।

ফিচার ডেস্ক