তিন কমান্ডে উইন্ডোজের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার
দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারের ফলে বিভিন্ন অস্থায়ী ও অপ্রয়োজনীয় ফাইল জমে হার্ডডিস্ক বা এসএসডির জায়গা দখল করতে পারে। এসব ফাইল পরিষ্কার করতে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার না করেও উইন্ডোজের নিজস্ব কিছু সুবিধা কাজে লাগানো যায়। এর মধ্যে রান কমান্ড ব্যবহার করে তিন ধরনের অস্থায়ী ফাইলের অবস্থানে দ্রুত পৌঁছানো সম্ভব।
প্রিফেচ ফাইল পরিষ্কার
প্রথমে কিবোর্ডের উইন্ডোজ ও আর বোতাম একসঙ্গে চাপুন। এতে রান উইন্ডো চালু হবে। সেখানে 'prefetch' লিখে এন্টার চাপুন। নতুন উইন্ডো খুললে কন্ট্রোল ও এ চেপে ফাইলগুলো নির্বাচন করুন। এরপর মুছে দিন। কোনো ফাইল তখন ব্যবহৃত হওয়ায় মুছতে না চাইলে সেটি বাদ দেওয়া যাবে।
টেম্প ফাইল মুছুন
আবার উইন্ডোজ ও আর চাপুন। রান উইন্ডোতে 'temp' লিখে এন্টার দিন। এবার যে ফোল্ডারটি খুলবে, সেখানে থাকা অপ্রয়োজনীয় অস্থায়ী ফাইল নির্বাচন করে মুছে দিন। কোনো ফাইল ব্যবহৃত থাকলে সেটি মুছতে না পারাই স্বাভাবিক।
পার্সেন্ট টেম্প ফাইল পরিষ্কার
তৃতীয় ধাপে আবার রান উইন্ডো খুলে '%temp%' লিখে এন্টার চাপুন। এবার কন্ট্রোল ও এ চেপে ফাইলগুলো নির্বাচন করে মুছে দিন। এখানেও ব্যবহৃত কোনো ফাইল মুছতে না পারলে সেটি বাদ দিতে হবে।
সবশেষে রিসাইকেল বিন খালি করে কম্পিউটার পুনরায় চালু করা যেতে পারে। এতে অস্থায়ী ফাইল পরিষ্কার করে কিছুটা সংরক্ষণস্থান খালি হবে।
তবে মনে রাখতে হবে, এসব ফাইল মুছে ফেললেই কম্পিউটারের গতি নাটকীয়ভাবে বেড়ে যাবে এমন নয়। কম্পিউটার ধীর হওয়ার পেছনে পর্যাপ্ত র্যাম না থাকা, চালু হওয়ার সময় অতিরিক্ত প্রোগ্রাম সক্রিয় থাকা, পুরোনো হার্ডডিস্ক, পর্যাপ্ত খালি জায়গা না থাকা বা ক্ষতিকর সফটওয়্যারসহ বিভিন্ন কারণ থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক