এক টুইটের দাম ২৪ কোটি টাকা!
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির করা প্রথম টুইটটি বিক্রি হলো আকাশছোঁয়া দামে। মালয়েশিয়ার ব্রিজ ওরাকল ফার্মের প্রধান নির্বাহী সিনা এসটাভি প্রায় ২৯ লাখ মার্কিন ডলারে কিনেছেন টুইটটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ কোটি ৫৮ লাখ টাকা!
বিবিসি এক প্রতিবেদনে জানায়, নিলামে ডরসির টুইটটি কিনেছেন মালয়েশিয়ার ব্রিজ ওরাকল ফার্মের প্রধান নির্বাহী সিনা এসটাভি। ২০০৬ সালের ২১ মার্চ প্রথম টুইট করেন জ্যাক ডরসি। সেই টুইটে তিনি লেখেন, ‘আমার টুইটার মাত্র তৈরি করছি।’
জ্যাক ডরসি মূলত দাতব্য কাজে অর্থ জোগাতে তাঁর প্রথম টুইটটি নিলামে তোলেন। নিলামে জেতার পর টুইটারেই এক প্রতিক্রিয়ায় সিনা এসটাভি এই টুইটকে ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার সঙ্গে তুলনা করেছেন।
বিবিসি বলেছে, গত সোমবার এসটাভির কাছে টুইটটি ‘নন-ফানজিবল টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রি করা হয়। এসটাভি টুইটটির ক্রেতা হিসেবে একটি অনন্য ডিজিটাল সনদ পাবেন। সনদে জ্যাক ডরসির ডিজিটাল সই থাকবে। সঙ্গে থাকবে মূল টুইটের মেটা ডেটা। মেটা ডেটায় অন্তর্ভুক্ত থাকবে টুইটটি পোস্ট করার সময়, টুইটের কনটেন্ট ইত্যাদি।
জ্যাক ডরসি বলেছেন, তিনি টুইট বিক্রির অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন।
এসটাভি বলেন, ‘আমি মনে করি, মোনালিসার মতোই বহু বছর পর মানুষ এই টুইটের আসল মূল্য বুঝতে পারবে।’
ভ্যালুয়েবলস নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন নিলাম প্ল্যাটফর্মে টুইটটি বিক্রি করা হয়। নিয়ম অনুযায়ী, বিক্রি করে প্রাপ্ত অর্থের ৯৫ শতাংশ পাবেন ডরসি এবং বাকি পাঁচ শতাংশ পাবে নিলাম কোম্পানি। তবে বিক্রির পরও ওই টুইটার প্ল্যাটফর্মে সবার জন্য টুইটটি থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক