জলবায়ু সংকটের চেয়ে কোভিড সংকট মোকাবিলা সহজ : বিল গেটস
জলবায়ু সংকট মোকাববিলা করতে পারলে তা ‘মানবজাতির করা সবচেয়ে চমৎকার কাজ’ হবে বলে মনে করেন বিল গেটস। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা করার চেয়ে কোভিড-১৯ মহামারিকে মোকাবিলা ‘অনেক, অনেক বেশি সহজ’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বিল গেটস তাঁর নতুন বই ‘হাউ টু এভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার’-এ বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে কিছু দিক নির্দেশনা দিয়েছেন।
গত সপ্তাহে বিবিসির সঙ্গে কথা বলেন গেটস। তিনি বলেন, ‘জলবায়ু সংকটের মাত্রাকে অবজ্ঞা করা উচিত হবে না।’
‘আগামী ৩০ বছরের মধ্যে আমরা যেসব পরিবর্তন আনার কথা বলছি সেগুলো আমরা কখনোই পূরণ করতে পারব না। এমন কোনো নজির এখনো নেই।’
প্রতি বছর ৫১ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড (গ্রিন হাউজ গ্যাস) পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়। আমাদের সেটি সম্পূর্ণ শূ্ন্যে নামিয়ে আনতে হবে। এর অর্থ, কার্বন নিঃসরণ এমন মাত্রায় কমিয়ে আনতে হবে যাতে বাকি যেটুকু থাকে সেগুলো বায়ুমণ্ডল শোষণ করে নিতে পারে। এর একটি উপায় হতে পারে বেশি করে গাছ লাগানো। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।
বিল গেটস তাঁর বইতে কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এই পথ পাড়ি দিতে পারি তার ওপর বেশি নজর দিয়েছেন।
বিল গেটস বলেন, বিদ্যুতের পরিবর্তে নবায়নযোগ্য উৎস যেমন বায়ু বা সোলার সিস্টেম থেকে শক্তি উৎপাদন করলে বিদ্যুৎ তৈরিতে যে কার্বন নিঃসরণ হয় তা হবে না। যদিও তার পরিমাণ মোট কার্বন নিঃসরণের ৩০ শতাংশের কম বলে উল্লেখ করে গেটস।

এনটিভি অনলাইন ডেস্ক