ফ্লোরিডার পানি সরবরাহ ব্যবস্থায় বিষ মেশানোর চেষ্টা হ্যাকারের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওল্ডমারস শহরের পানি সরবরাহ ব্যবস্থাপনায় ঢুকে ‘মারাত্মক মাত্রায়’ এক প্রকার রাসায়নিক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন একজন হ্যাকার। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
ওই হ্যাকার গত শুক্রবার অল্প সময়ের জন্য শহরের পানি উৎপাদন লাইনে সোডিয়াম হাইড্রক্সাইডের (লাই) মাত্রা বাড়িয়ে দেন। কিন্তু সঙ্গে সঙ্গেই একজন কর্মী তা টের পান এবং ওই কমান্ড বদলে দেন।
পানিতে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সামান্য পরিমাণে লাই ব্যবহার করা হয়। তবে বেশি মাত্রায় এটি দেওয়া হলে তা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এটি মূলত পানির নালা পরিষ্কার করতে ব্যবহার করা হয়। পানিতে বেশি পরিমাণে লাই ব্যবহার করলে ওই পানির কারণে সাময়িক চুল পড়া, ত্বক ও চোখের সমস্যা দেখা দিতে পারে।
হ্যাকারের পরিচয় জানা যায়নি এবং সে যুক্তরাষ্ট্র থেকে নাকি অন্য কোনো দেশ থেকে হ্যাকিংয়ে অংশ নিয়েছে, তা জানা সম্ভব হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক