ফ্লোরিডায় অভিযানে দুই এফবিআই এজেন্ট নিহত, আহত তিন
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অভিযানে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই এজেন্ট নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ৬টার দিকে ফ্লোরিডার সানরাইজ শহরে এ হতাহতের ঘটনা ঘটে।
এফবিআইয়ের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, এক শিশু নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় এফবিআই টিম। এতে তাদের দুই এজেন্ট নিহত ও তিনজন আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আহতদের মধ্যে দুই এজেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। আহত অপর এজেন্টকে হাসপাতালে প্রয়োজন হয়নি।
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ারে জানিয়েছেন, নিহত দুই এজেন্ট হলো ড্যান আলফিন ও লরা শোয়ার্টজেনবার্গার। তবে আহত অপর এজেন্টের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।
একটি বিলাসবহুল কমপ্লেক্সের সামনে এ বন্দুকযুদ্ধ হয়। ওয়াটার টেরেস অ্যাপার্টমেন্ট নামে ওই কমপ্লেক্সে জিম, পুল, স্পা, টেনিস কোর্ট আছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তিও এ ঘটনায় নিহত হয়েছে। কী পরিমাণ গুলি ছোড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অনেক বেশি।

এনটিভি অনলাইন ডেস্ক