বিশ্বে করোনায় মৃত্যু ১৩ লাখ ৮৬ হাজার ছাড়াল
শীতের মৌসুমে আবারও করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। নতুন রোগী শনাক্তের পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যু।
সোমবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পৌঁছেছে পাঁচ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৪৫১ জনে।
জেএইচইউ’র তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৮৮ ব্যক্তি। খবর ইউএনবির।
গত বছর চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। পরে চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত এক কোটি ২২ লাখ ২৬ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে এবং দুই লাখ ৫৬ হাজার ৭৪৫ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ৯০ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ২২৭ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬০ লাখ ৭১ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ১৮৩ জনের।

এনটিভি অনলাইন ডেস্ক