ব্লুটুথ হেডফোন বিস্ফোরণে যুবকের মৃত্যু
কথা বলতে বলতে কানে থাকা ব্লুটুথ হেডফোন বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, রাকেশ কুমার নাগর নামের ২৮ বছর বয়সী ওই যুবক রাজস্থানের জয়পুর জেলার চোমু শহরের উদয়পুরি গ্রামের বাসিন্দা। গত শুক্রবার ওই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাকেশ কুমার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে থাকাকালে কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন তিনি। সেই সময় ব্লুটুথ হেডফোনের চার্জিং প্লাগ ইলেকট্রিক বোর্ডে লাগানো ছিল। কিন্তু হঠাৎ করে ডিভাইসটি বিস্ফোরণে ফেটে যায় এবং রাকেশ অজ্ঞান হয়ে যান।
পরে রাকেশকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণে দুটো কানই নষ্ট হয়ে যায় রাকেশ কুমারের।
পুলিশ জানিয়েছে, ডিভাইসটি বিস্ফোরণে ফেটে যাওয়ার পর জখম হয়ে অজ্ঞান হয়ে যান রাকেশ কুমার। তারপর হাসপাতালে নিয়ে আসতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
রাজস্থানের সিদ্ধিবিনায়ক হাসপাতালের ডা. লে এন রুন্ডলা জানান, রাকেশ কুমারকে অজ্ঞান অবস্থায় তাঁর হাসপাতালে নেওয়া হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনটিভি অনলাইন ডেস্ক