মৃত্যুপথযাত্রী করোনা রোগীদের কথা শুনে কাঁদলেন বাইডেন (ভিডিও)
এখনো আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ গ্রহণের পর বাইডেনকেই চলমান কোভিড-১৯ চ্যালেঞ্জর মুখোমুখি হতে হবে। আর তাই আগেভাগেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে গতকাল বুধবার বাইডেন দেশটির চিকিৎসা পেশার মানুষের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানায়, এদিন বাইডেন উইলমিংটন থিয়েটার থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের নার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টে ম্যারি টারনারের সঙ্গে কথা বলেন। ম্যারি টারনার করোনার সময়ে নিজের এবং সহকর্মীদের অবস্থা বর্ণনার পাশাপাশি মৃত্যুপথযাত্রী কোভিড রোগীদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। যা শুনে নিজেকে ধরে রাখতে পারেনি বাইডেন। রোগীদের অসহায়ত্বের কথা শুনে কেঁদে ফেলেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট।
নার্স ম্যারি টারনার বলেন, ‘মৃত্যু শয্যায় থাকা মানুষরা পরিবারকে দেখতে না পেয়ে কেঁদেছে। আমি তাঁদের হাত ধরে রেখেছি। সেভাবেই বিদায় দিয়েছি।’
বাইডেনের সঙ্গে আলাপকালে ম্যারি আরো বলেন, ‘এভাবেই অনেক মানুষ আইসিইউতে মারা গেছে। আমি ভেন্টিলেটরে থাকা সহকর্মীদের যত্ন নিয়েছি, যারা করোনার সঙ্গে লড়েছে। এভাবে আমরা অসুস্থ হয়েছি, কারণ হাসপাতাল কিংবা সরকার নিরাপত্তা দেয়নি।’
উল্লেখ, আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে। তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।

এনটিভি অনলাইন ডেস্ক