সারা বিশ্বে করোনা ভ্যাকসিন আবিষ্কারে যত উদ্যোগ
জাতিসংঘের সর্বশেষ ২০ জুলাইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বা ভ্যাকসিন বানাতে ১৭৩টি উদ্যোগ চলছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৪০টি ভ্যাকসিনের এখনো মানবদেহে পরীক্ষা শুরু হয়নি। একে বলা হয় ‘প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল’। বিজ্ঞানীরা এখনো এসব টিকা নিয়ে গবেষণা করছেন, পশু বা প্রাণীর ওপর প্রয়োগ করে কার্যকারিতা যাচাই করছেন
এ ছাড়া ১৯টি টিকার কার্যক্রম প্রথম পর্যায়ে রয়েছে, অর্থাৎ ক্লিনিক্যাল টেস্টিং বা পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যায়ে মানুষের ছোট একটি গ্রুপের ওপর টিকাটি প্রয়োগ করে দেখা হয় যে এটি নিরাপদ কি না। সেইসঙ্গে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় কতটা প্রভাব ফেলে, তাও যাচাই করা হয়।
১১টি সম্ভাব্য ভ্যাকসিন রয়েছে দ্বিতীয় পর্যায়ে। এ পর্যায়ে এসব টিকা কতটা নিরাপদ, তা যাচাই করে দেখা হচ্ছে। এ পর্যায়ে কয়েকশ মানুষের ওপর টিকার পরীক্ষা করে বিজ্ঞানীরা এর নিরাপত্তা ও সঠিক মাত্রা নিরূপণের চেষ্টা করেন।
এ ছাড়া বিশ্বে এখন তিনটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরুর পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে কয়েক হাজার মানুষের ওপর টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয় যে সেটি কতটা নিরাপদ, কতটা কার্যকর এবং ভ্যাকসিনটি প্রয়োগে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হয় কি না। এখানে সফলতা পেলেই সাধারণত ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়ে থাকে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, তৃতীয় ধাপের পরীক্ষা ভ্যাকসিন প্রস্তুতকারক দেশের বাইরে অন্য কোনো দেশে করতে হয়।

এনটিভি অনলাইন ডেস্ক